All News
news

30 Jun 2026

রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য নতুন ক্রয়কৃত তিনটি মিনিবাসের আনুষ্ঠানিক উদ্বোধন

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন ক্রয়কৃত তিনটি মিনিবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। আজ ২৯ জুন ২০২৬ খ্রি. তারিখ রোজ সোমবার দুপুর ১২:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল সংলগ্ন রাস্তায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধন শেষে দোয়া করা হয়।

শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বৃদ্ধি ও পরিবহন ব্যবস্থাকে গতিশীল করার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে তিনটি মিনিবাস ক্রয়সূত্রে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত হয়েছে। প্রতিটি ৩০ সিট বিশিষ্ট এ তিনটি বাস রাবিপ্রবি পরিবহন পুলে সংযুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ৭টি বাসে রাঙ্গামাটি শহর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে যা শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, বিভিন্ন একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণসহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মানোন্নয়নে ও শিক্ষা সহায়ক পরিবেশ নিশ্চিতে ইতিবাচক ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বর্তমান ভাইস-চ্যান্সেলর মহোদয় ও তাঁর নেতৃত্বে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ নতুন বাস সংযোজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের পরিবহন সংকট কিছুটা হলেও নিরসন হলো।

সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ড. তৌহিদুল আলম দোয়া পরিচালনা করেন। দোয়া ও উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ জুনাইদ কবির, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিনসহ বিভাগীয় চেয়ারম্যানগণ, প্রক্টর, ছাত্র ও ছাত্রী হলের প্রভোস্ট, পরিচালক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও পরিবহন দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল এন্ড মেইনট্যানেন্স) জনাব মোঃ জনিসহ সকল ড্রাইভার ও বাস হেলপারগণ উপস্থিত ছিলেন।

news

29 Jun 2026

রাবিপ্রবি'র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী মহোদয় আজ সকাল ৯:০০ ঘটিকায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ৭ম ব্যাচের স্নাতক (সম্মান) শেষ বর্ষের শিক্ষার্থী প্রজ্ঞাপন চাকমাকে দেখতে যান

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী মহোদয় আজ সকাল ৯:০০ ঘটিকায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৭ম ব্যাচের স্নাতক (সম্মান) শেষ বর্ষের শিক্ষার্থী প্রজ্ঞাপন চাকমাকে দেখতে যান। এসময় তিনি আহত শিক্ষার্থীর বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ-খবর নেন এবং তার যথাযথ চিকিৎসার বিষয়ে হাসপাতালের চিকিৎসকদের সাথে আলোচনা করেন ও আহত শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবির, প্রক্টর ড. মোঃ ফখরুদ্দিন, সহকারী প্রভোস্ট (ছাত্র হল) জনাব গৌরব চাকমা, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিম মাহমুদ ও সিনিয়র মেডিকেল অফিসার ডা. সর্বদর্শী চাকমা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, বিগত ২২ জুন ২০২৬খ্রি. তারিখ বিকেল ৪:৩০ ঘটিকায় সিএসই বিভাগের শিক্ষার্থী প্রজ্ঞাপন চাকমা বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে রাঙ্গামাটি শহরস্থ নিজ বাড়ী ফেরার পথে খিপ্যাপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়।

news

14 Jun 2026

অস্ট্রেলিয়ান প্রফেশনাল অপরচুনিটি (এপিও) প্রোগ্রামে যোগ দিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবিপ্রবি'র ভাইস-চ্যান্সেলর

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী মহোদয় দুই সপ্তাহব্যাপী অনুষ্ঠিতব্য ‘Australian Professional Opportunity (APO) Agreement- Public University Administrators’ Study Tour to Australia’- এ যোগদানের উদ্দেশ্যে ১৩ জুন ২০২৬ তারিখ দিবাগত রাত ২:০৫ মিনিটে ঢাকা বিমানবন্দর থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সে অস্ট্রেলিয়া গমন করবেন।

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ অফিস তথা অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ইন সাউথ এশিয়া এন্ড মঙ্গোলিয়া (AASAM) এর উদ্যোগে বাংলাদেশের আটটি সরকারি বিশ্ববিদ্যালয়ের ষোলো জনের প্রতিনিধিদলটি অস্ট্রেলিয়ার- University of Melbourne, Deakin University, Monash University, Griffith University, University of New South Wales (UNSW) University of Wollongong- এ ছয়টি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সেশন, একাডেমিক আলোচনা এবং নেটওয়াকিং অনুষ্ঠানে যোগদান করবেন। রাবিপ্রবি’র ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. নিখিল চাকমা এবং ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব সপ্তর্ষি চাকমা উক্ত অস্ট্রেলিয়ান প্রফেশনাল অপরচুনিটি (এপিও) প্রোগ্রামে যোগদান করবেন। উক্ত সফর শেষে রাবিপ্রবি প্রতিনিধি দলটি আগামী ২৭ জুন ২০২৬ তারিখ অস্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দর থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ব্রিজবেন এবং সিডনিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য সেশনে - Higher Education Leadership and Governance, Diversity and Social Inclusion (First Nations, Intersectionality), Deakin’s Sustainability Agenda, Researching Global Challenges, Generative AI and Higher Education, Innovations in Higher Education, Resourcing Impacts in Higher Education, Advancing Higher Education in Bangladesh, Actioning Priorities- এ থিম সমূহের আলোকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং আলোচনায় অংশগ্রহণ করবেন। এই সেশনসমূহে অস্ট্রেলিয়ার মাল্টি কালচারালিজম (বহুসাংস্কৃতিকতা) এর সাথে পরিচিতি, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোত্তম কর্মপদ্ধতি, প্রশাসন, নেতৃত্ব, সম্পদ ব্যবস্থাপনা, পারস্পরিক অংশীদারিত্ব, সহযোগিতা, গবেষণা, ইনোভেশন (উদ্ভাবন), টিচিং এন্ড লার্নিং, বৈচিত্র্যতা ও সামাজিক অন্তর্ভুক্তি, টেকসই উন্নয়ন কর্মসূচি, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়, আন্তর্জাতিক সংযোগ ও নেটওয়ার্ক তৈরি, অস্ট্রেলিয়ান ক্যাম্পাস লাইফ ও সংস্কৃতি, বন্যপ্রাণী সংরক্ষণ, তথ্যপ্রযুক্তি, জেনারেটিভ এআই এবং অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়সমূহের সামগ্রিক শিক্ষাদান প্রক্রিয়া ও অগ্রাধিকার ভিত্তিতে কর্মপরিকল্পনা প্রণয়ন সম্পর্কে আলোকপাত করা হবে; যা রাবিপ্রবি তথা বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক উৎকর্ষতা সাধনে সহায়ক ভূমিকা পালন করবে।   

news

10 Jun 2026

রাবিপ্রবি'তে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

আজ ০৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ (মঙ্গলবার) সকাল ৯:৩০ ঘটিকায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী "৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি"র প্রেক্ষিতে বৃক্ষরোপণ কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী মহোদয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবিরসহ রাবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

news

08 Jun 2026

রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজ ০৮ জুন ২০২৬ খ্রি. তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-০১ এর সভাকক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল আয়োজিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ জুনাইদ কবির। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড.তানজিম মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক এবং সহকারী অধ্যাপক জনাব সাদ্দাম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক জনাব মোঃ নাফিজ মন্ডল।

প্রধান অতিথি মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী তার বক্তব্যের শুরুতেই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর রুহের মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, ১৯৩৬ সালে জন্ম ও ১৯৮১ সালে শাহাদাৎ বরণ পর্যন্ত পয়ঁতাল্লিশ বছরের স্বল্প আয়ুর জীবনে বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা থেকে শুরু করে সকল সংকটময় লগ্নে নেতৃত্ব দিয়ে এবং বহুদলের গণতান্ত্রিক আর্দশকে ধারণ করে জনমতকে গুরুত্ব দিয়ে বাস্তবভিত্তিক অর্থনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক-শিল্প-শিক্ষা ও গণশিক্ষা প্রভৃতি কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করে জননন্দিত রাষ্ট্রপতি হিসেবে সফলতা ও সুনাম অর্জন করেছিলেন। এছাড়া বিশেষভাবে খাল খনন কর্মসূচীর মাধ্যমে খাদ্য ঘাটতির এই দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে সবুজ বিপ্লব ঘটিয়ে দেশ-বিদেশে প্রশংসিত হয়েছিলেন এবং এ কর্মসূচীতে ছাত্রাবস্থায় তিনি নিজেও অংশগ্রহণ করেছিলেন তা সবিশেষ উল্লেখ করেন। আজ থেকে ৪৫ বছর আগে কতিপয় দুষ্কৃতিকারীরর হাতে নৃশংসভাবে শহীদ হয়েছিলেন। এমন মৃত্যু তথা হত্যাকান্ড কখনোই কাম্য নয় বলে তিনি মন্তব্য করেন; এ প্রসঙ্গে তিনি বলেন সকল অপরাধের বিচার দেশের প্রচলিত আইন ও সংবিধানের আলোকে হওয়া সমীচীন, এটাই সকল নাগরিকের প্রাপ্ত অধিকার। তিনি তার বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু পরবর্তীতে অস্ট্রেলিয়ান পার্লামেন্টে তৎকালীন প্রধানমন্ত্রী ম্যালকম ফ্রেজার কর্তৃক প্রদত্ত বিবৃতি তুলে ধরেন। বিবৃতিতে শহীদ রাষ্ট্রপতির জনপ্রিয়তা, কঠোর পরিশ্রম, সততা ও দ্বিগুণ খাদ্যশস্য উৎপাদনের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য ভূমিকার কথা উল্লেখ করা হয়। এছাড়াও তিনি আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য সার্ক (SAARC) প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের কথা তুলে ধরেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আর্দশ রেখে গেছেন তা ধারণ করে ও তাঁর ভালো কাজগুলো অনুসরণ করে এবং তাঁর সততার মনোভাবকে নিজেদের মধ্যে এবং দেশের সমৃদ্ধির কাজে প্রয়োগ করে আমরা এগিয়ে যাবো এ আশা ব্যক্ত করেন।  

অন্যান্য সকল বক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও কর্মের বিশেষ বিশেষ দিক নিয়ে আলোচনা করেন। সভার সভাপতি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবির তার বক্তব্যে বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রের সকল পর্যায়ে সৎ নেতৃত্ব ও সৎ প্রশাসনের কর্মসূচী ও উদ্যোগ গ্রহণ করেছিলেন, বহু দলের মতাদর্শকে সম্পৃক্ত করে দেশকে এগিয়ে নেয়ার ও জনগণের কল্যাণে কাজ করে গেছেন। বর্তমানে তাঁর আর্দশ ও দর্শনকে এগিয়ে নেয়ার জন্য সকলের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করেন এবং এ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।

পরিশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাঁর পরিবার বিশেষভাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। দেশ ও জাতির সমৃদ্ধির জন্যও দোয়া করা হয়। এ দোয়া মাহফিল পরিচালনা করেন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর, পরিচালকবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

news

19 May 2026

রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী’র কর্মস্থলে যোগদান

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ম ভাইস-চ্যান্সেলর হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কেমিস্ট্রি এর অধ্যাপক এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. জয়নুল আবেদীন সিদ্দিকী মহোদয় আজ ১৮ মে ২০২৬ তারিখ পূর্বাহ্নে রাবিপ্রবি’র কর্মস্থলে যোগদান করেছেন।

মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী মহোদয়কে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে সকল অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানগণ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। অতঃপর ভাইস-চ্যান্সেলর মহোদয় বিশ্ববিদ্যালয়ের বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। 

ভাইস চ্যান্সেলর মহোদয় তাঁর দপ্তরে সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রমের চলমান অগ্রগতি বিষয়ে সকল অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সভাকক্ষে মতবিনিময় করেন।

এসময় ভাইস চ্যান্সেলর মহোদয় এ বিশ্ববিদ্যালয়কে বর্তমান অবস্থানে উন্নীত করার জন্য ইতোপূর্বের সকলের অবদানকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সময়ের চ্যালেঞ্জসমূহ জানতে চাইলে অনুষদের ডিন ও চেয়ারম্যানগণ তাদের স্ব-স্ব অনুষদ ও বিভাগের সামগ্রিক চিত্র তুলে ধরেন এবং সমস্যা ও করণীয় বিষয়ে মতামত প্রদান করেন। এছাড়া ছাত্র-ছাত্রী হলের প্রভোস্টগণ ও বিভিন্ন পরিচালকবৃন্দ তাদের কার্যক্রম সম্পর্কে বক্তব্য তুলে ধরেন এবং ছাত্র-ছাত্রীদের দাবির বিষয়ে ভিসি মহোদয়কে অবগত করেন। আইকিউএসি, আরআইএমসি এর বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও অগ্রগতির কথা তুলে ধরেন স্ব-স্ব পরিচালকবৃন্দ। এছাড়া বিশ্ববিদ্যালয়ে চলমান হিট প্রজেক্টসহ অন্যান্য প্রজেক্ট সম্পর্কে শিক্ষকগণ তাদের কর্মপরিকল্পনা, অভিজ্ঞতা ও কার্যক্রম বর্ণনা করেন। ভাইস চ্যান্সেলর মহোদয় অবকাঠামোগত উন্নয়নসহ বিশ্ববিদ্যালয়ের রাজস্ব ও উন্নয়ন বাজেট সম্পর্কে অবহিত হন। মাননীয় ভাইস চ্যান্সেলর অবকাঠামোগত উন্নয়নে গুরত্বারোপ করেন এবং যথাসময়ে তা সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ প্রদান করেন। তিনি বিদ্যুতের সমস্যার সমাধানের জন্য দ্রুত ডেডিকেটেড বিদ্যুৎ লাইন, সাব-স্টেশন স্থাপনের উপর জোর দেন; এছাড়াও ঘাটতি বাজেট পূরণে ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ১৪ মে ২০২৬ তারিখের স্মারক নং- ৩৭.০০.০০০০.০৭৬.১১.০০৩.২২.৮১ মোতাবেক মহামান্য রাষ্ট্রপতি এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর-এঁর অনুমোদনক্রমে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ধারা ১০ (১) অনুযায়ী রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার (০৪) বছরের জন্য এ নিয়োগ প্রদান করা হয়েছে।  

মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী জাপান সরকারের স্বনামধন্য মনবুশো স্কলারশিপ নিয়ে Kyoto University থেকে ২০০৮ সালে পোস্ট ডক্টরাল এবং Osaka University থেকে ২০০৩ সালে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৯২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগ থেকে স্নাতকোত্তর এবং ১৯৯০ সালে স্নাতক কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। পেশাগত জীবনে তিনি জাপানের Osaka University তে টিচিং অ্যাসিসটেন্ট এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও খন্ডকালীন শিক্ষক হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এবং ভিজিটিং প্রফেসর হিসেবে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কাউন্সিল, প্ল্যানিং কমিটি, সিলেকশন কমিটি, হল প্রভোস্ট এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিলেকশন কমিটিতে এক্সপার্ট মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রিভিউ কমিটির এক্সপার্ট মেম্বার হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘ভৌত বিজ্ঞান বিষয়ক গবেষণা অনুদান’ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ‘একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এটিএফ)’ গবেষণা প্রকল্প পর্যালোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়াও তিনি বিশ্ববিখ্যাত Elsevier, South African Chemical Society এবং American Chemical Society সহ বিভিন্ন দেশি-বিদেশি বৈজ্ঞানিক জার্নালের রিভিউয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। দেশ-বিদেশের বিভিন্ন বৈজ্ঞানিক জার্নালে তাঁর অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং ১২ টির অধিক কনফারেন্স ও সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), ভারতের সেন্ট পিটার্স ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব গুজরাট; হংকং ইউনিভার্সিটি; জাপানের Seikei University, Konan University, Saitama University, Tsukuba Research Center; হাঙ্গেরির Veszprem University কর্তৃক আয়োজিত কনফারেন্স ও সেমিনারে যোগদান করেন। তিনি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি ও আমেরিকান কেমিক্যাল সোসাইটির আজীবন সদস্য হিসেবে আছেন।

news

13 May 2026

রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের "বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ” শীর্ষক জাতীয় কর্মশালায় অংশগ্রহণ

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান আজ ১২ মে ২০২৬খ্রি. তারিখে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও টেকসই করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক আয়োজিত "বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ (Transforming Higher Education in Bangladesh: Roadmap to Sustainable Excellence)" শীর্ষক একটি জাতীয় কর্মশালায় অংশগ্রহণ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয় সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে শিক্ষাবিদ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, ইউজিসি’র সদস্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, নীতি নির্ধারক, সিনিয়র সরকারি কর্মকর্তা, শিক্ষক, গবেষক, শিল্পখাতের প্রতিনিধি এবং উন্নয়ন-সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা জনাব মাহদী আমিন বিশেষ অতিথি হিসেবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব আব্দুল খালেক গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউজিসি’র মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

উদ্বোধনী পর্বের পর পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হয়। সেসব অধিবেশনে "গ্রাজুয়েটদের কর্মসংযোগযোগ্যতা, সফট স্কিল উন্নয়ন ও চাহিদাভিত্তিক শিক্ষা; ইন্ড্রাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা এবং বৈশ্বিক প্রতিযোগিতা; ডিজিটাল রূপান্তর, ডিজিটাল সাক্ষরতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন; শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, গবেষণায় উৎকর্ষ সাধন এবং আন্তর্জাতিকীকরণ; গভর্ন্যন্স, শিক্ষার মান নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে আলোচনা করা হয়।

news

11 May 2026

রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান মহোদয়ের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সভাকক্ষে আজ ১০ মে ২০২৬ খ্রি. তারিখ রোজ রবিবার দুপুর ১২:৩০ ঘটিকায় একটি জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত জুরুরি সংবাদ সম্মেলনে মাননীয় ভাইস-চ্যান্সেলর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনা এবং সামগ্রিক অভিযোগ বিষয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন। যা নিম্নরূপ-

আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ন

আশা করছি সবাই ভালো আছেন। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমার যোগদানের ঠিক এক বছর চার মাস পূর্তিতে আজকের এই সংবাদ সম্মেলন। সবাইকে সংবাদ সম্মেলনে স্বাগত জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের সময়ে দায়িত্ব গ্রহণের পর যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদান করেছিলাম, আজ সেটি কেমন করে পূর্ণতার দিকে ধাবিত হচ্ছে, তা বিচার করার ভার আপনাদের ওপর অর্পণ করার মধ্য দিয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সামগ্রিক অভিযোগ বিষয়ে যে বিষয়গুলো উল্লেখ করা প্রয়োজন, সেগুলো হলো—

বিশ্ববিদ্যালয় হলো নতুন জ্ঞান সৃষ্টি ও বিতরণের সুতিকাগার, যেখানে মত প্রকাশের স্বাধীনতাও নতুন জ্ঞান তৈরির অনুসঙ্গ হিসেবে কাজ করতে পারে। ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের পারস্পরিক শেয়ার করার সুযোগ সে প্রক্রিয়াকে অর্থবহ করে তোলে। কিন্তু সে শেয়ারিংয়ের পরিবর্তে অন্যায্য উপায়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে গোষ্ঠীস্বার্থে বিশ্ববিদ্যালয়কে অশান্ত করা কোনো অবস্থাতেই বিদ্যায়তনের সর্বোচ্চ পাদপীঠের জন্য গ্রহণযোগ্য নয়।

আমরা লক্ষ্য করেছি, বিগত ৫ মে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অনুপস্থিতিতে দাবি আদায়ের জন্য এমন সব বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে, যেসব বিষয় আদৌ বিশ্ববিদ্যালয়ের কোনো পর্ষদের সঙ্গে শেয়ার করা হয়নি এবং উপাচার্যের অনুপস্থিতিতে তাঁর কার্যালয়ে তালা দেওয়ার মতো অছাত্রসুলভ কাজ করা হয়েছে রাজনৈতিক দলের ব্যানারে, যেখানে বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বন্ধ থাকার নীতিগত সিদ্ধান্ত এখনো বহাল আছে। সঙ্গত কারণে এ জাতীয় কর্মকাণ্ড সুস্পষ্টভাবে দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচনার দাবি রাখে।

আমাদের নিকট দাবি সংবলিত কোনো ডকুমেন্ট পেশ না করা হলেও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে প্রাপ্ত সংবাদ থেকে যতটা জেনেছি, সেটি হলো বিশ্ববিদ্যালয়ে আওয়ামী পুনর্বাসনের প্রতিবাদে সংবাদ সম্মেলন। এটি অত্যন্ত দুঃখজনক এবং অগ্রহণযোগ্য অভিযোগ। কারণ, আমার সময়েই বিগত ফ্যাসিবাদী সরকারের ছাত্রসংগঠনের প্রায় দশজন ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ওপর অত্যাচার নির্যাতন করার অপরাধে নানা মেয়াদে শাস্তি প্রদান করা হয় । কিন্তু এমন বাস্তবতায় এ অভিযোগ করা হলো, যখন বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালককে নানামাত্রিক অভিযোগে তাঁর সমস্ত দায়দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সাময়িকভাবে প্রকল্প পরিচালনার জন্য একটি আপৎকালীন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটিতে ড. নিখিল চাকমাকে অন্তর্ভুক্ত করার বিষয়টি মৌলিক বিবেচনা হয়ে থাকলে প্রশ্ন ওঠা স্বাভাবিক তিনি কীভাবে অন্তর্বর্তী সরকারের সময়ে ছয় মাস বিশ্ববিদ্যালয়ে প্রশাসক হিসেবে কাজ করেছেন? তিনি যথারীতি ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সভাপতির দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে, বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের এসপিএম হিসেবে কাজ করছেন। এতসব দায়িত্বে যিনি আছেন, তাঁর বিষয়ে এ যাবৎ কোনো অভিযোগ জমা হয়নি।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রত্যক্ষণ/অডিট আপত্তি বিষয়ে যে বিষয়টি উত্থাপিত হয়েছে, তা রীতিমতো হাস্যকর। প্রথমত, এটি ছাত্রদের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয়। দ্বিতীয়ত, মঞ্জুরি কমিশনের প্রত্যক্ষণ অত্যন্ত স্বাভাবিক বিষয়, যার সঙ্গে দুর্নীতির সরলরৈখিক সম্পর্ক তৈরি করাটা না জানার কারণেই হয়ে থাকবে। উপরন্তু, এ জাতীয় অডিট আপত্তি সময়ের সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই নিষ্পন্ন হয়। কোনো কোনো বড় বিশ্ববিদ্যালয়ে হাজারেরও বেশি অবজারভেশন রয়েছে। মোদ্দাকথা হলো, এ প্রত্যক্ষণ বিষয়ে ইতোমধ্যেই মঞ্জুরি কমিশনকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। আরও দুঃখজনক, এ জাতীয় ডকুমেন্ট যাদের কাছে থাকার কথা নয়, তারা তা সংগ্রহ করেছে অসৎ উদ্দেশ্যে সেটি সহজেই অনুমেয়।

বিশ্ববিদ্যালয়ের নিয়োগ/পদোন্নতি কোনো একক ব্যক্তির সিদ্ধান্তে সম্পন্ন হয় না। সুনির্দিষ্ট নিয়মের মধ্যেই হয়ে থাকে, যা ইতিপূর্বে তথ্যপ্রমাণসহ আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে শেয়ার করা হয়েছে। দুঃখজনক হলো, নিয়োগের অনিয়ম হিসেবে যে ডকুমেন্ট প্রচার করা হচ্ছে, তা আদৌ নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত ডকুমেন্ট কি না, অভিযোগকারীরা যাচাই না করেই জনসম্মুখে প্রকাশ করে যেমন বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্টের অভিযোগে অভিযুক্ত, তেমনি তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গোপনীয় তথ্য পাচারকারীদের সম্পর্কও সুস্পষ্ট। সবার জ্ঞাতার্থে এতটুকু জানাতে চাই যে, এ যাবৎ যত নিয়োগ হয়েছে, সেসব বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের সভাপতি মহোদয়গণ ইতিপূর্বে একাধিকবার নিয়োগ বিষয়ের স্বচ্ছতা ও পরিচ্ছন্নতার ব্যাপারে তাঁদের চরম সন্তুষ্টি ও পরিতৃপ্তির কথা প্রকাশ করেছেন। নিয়োগ বিষয়ে কোনো রাজনৈতিক মতের সংশ্লিষ্টতাকে সামনে এনে তারা আবারও ‘৩৬ জুলাই’-এর পূর্বের ট্যাগিং/ফ্রেমিংয়ের রাজনীতি ফিরিয়ে আনতে চায় বলে মনে হলে আপত্তির কিছু থাকবে না হয়তো। ফ্যাসিবাদ লালন না করলে যোগ্যতাই হবে নিয়োগের মানদণ্ড; সেক্ষেত্রে আপত্তি করাটাও আপত্তিকর।

আপনারা জানেন, এ বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম শুরু হয় ২০১৪-১৫ সেশনে ছাত্র ভর্তির মাধ্যমে। আমি যোগদানের আগে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিলেন মাত্র ১৯/২০ জন। ফলে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দীর্ঘ একাডেমিক ব্যাকলগ ও সেশনজট তৈরি হয়েছিল। পিএইচডি ডিগ্রিধারী শিক্ষকের সংখ্যা ছিল মাত্র দুজন। বিজ্ঞাপন দিয়েও শিক্ষক নিয়োগ হয়নি। অথচ আমার এক বছরে প্রায় দশজন বিদেশি পিএইচডি ডিগ্রিধারীসহ ২৯ জন শিক্ষক নিয়োগ দিতে পেরেছি। সেশনজট শূন্যে আনার চেষ্টা চলমান। যে শিক্ষকের জিপিএ ০.০১ কমানো হয়েছে, তা নিয়ম মেনেই করা হয়েছে। কারণ, তিনি পিএইচডি ডিগ্রিধারী হওয়া সত্ত্বেও লেকচারার হিসেবে যোগ দিয়ে মূলত বিশ্ববিদ্যালয়ের রিসোর্স বৃদ্ধিতে সাহায্য করেছেন। আজ যদি এসব শিক্ষক অপমান, ট্যাগিং বা ফ্রেমিংয়ের শিকার হন, তাহলে এ বিশ্ববিদ্যালয় আবারও দীর্ঘ মেয়াদে ঝুঁকিতে পড়বে। কারণ, অসম্মানের মধ্যে কেউই স্বস্তিবোধ করবেন না। বলা ভালো, এখানে যোগদানের পরও কারও কারও অন্যত্র সুযোগ থাকা সত্ত্বেও উপাচার্যের অনুরোধে এ বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করতে থেকে যেতে রাজি হয়েছেন।

সুপ্রিয় সুহৃদ বন্ধুগণ,

পাহাড় আর সবুজের সম্মিলনে মনোরম লেকের কোলঘেঁষে যে বিশ্ববিদ্যালয় স্বপ্ন ছুঁয়ে যাওয়ার দ্বারপ্রান্তে, তা এই দীর্ঘ বছরে যেমন গুটিকয়েক মানুষের ইচ্ছা-অনিচ্ছার দোলাচলে পড়ে তার যৌবনে পৌঁছাতে পারেনি, ঠিক তেমনি আজও সেরকম গুটিকয়েক ছাত্রের কমফোর্ট জোন নষ্ট হওয়ার কারণে এ বিশ্ববিদ্যালয় তার প্রত্যাশিত রূপ পরিগ্রহ করার প্রয়াসে ব্যর্থ হতে চলেছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যদি বলি কী হয়নি এক বছরে; ১২/১৩ বছরে শুরু না হওয়া প্রকল্পের আওতায় একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ছাত্র-ছাত্রী হল, মেইন গেট, রাস্তাঘাট, দুটি ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, শিক্ষক নিয়োগ, সেশনজট দূরীকরণ, ক্যানটিন চালু ও মান বৃদ্ধি, পরিবহন পুল, নতুন বাস ক্রয় (প্রগতির পুলে নির্মাণাধীন), ডিনস অ্যাওয়ার্ড চালু, দুটি বড় কনফারেন্স, কনফারেন্স রুম, ছাত্র-ছাত্রী সবার নামাজের জায়গা, কানেক্টিং ব্রিজ, গেস্ট হাউস চালু, দীর্ঘদিন পেন্ডিং থাকা কর্মকর্তাদের আপগ্রেডেশন, বিভিন্ন ক্লাবের কার্যক্রম চালু, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট পুনর্নির্মাণ, মনুমেন্ট, রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার তৈরি ইত্যাদি। এতদসত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তার বহিষ্কার নিয়ে আন্দোলনকারী ছাত্রদের যে বিশেষ মনোযোগ এবং প্রশাসনের ওপর চাপ প্রয়োগ করতে দেখেছি, তাতে বিষয়টি সামগ্রিক ঘটনার সঙ্গে যুক্ত কি না, সেটি খতিয়ে দেখা জরুরি বলে মনে করি।

বন্ধুরা,

আপনাদের লেখনীই পারে এ বিশ্ববিদ্যালয়ের বিষয়ে সকল স্টেকহোল্ডারের আস্থা ফিরিয়ে আনতে। সুতরাং জনগণের করের টাকায় পরিচালিত বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা যখন তখন তালা ঝুলাবে, সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা আশা করি, সরকার ও রাষ্ট্রের প্রতি আমাদের দায়বদ্ধতা থেকে আপনাদের সামনে যে কনটেন্ট তুলে ধরা হলো, তার পরিপূর্ণ প্রতিফলন ঘটবে আপনাদের কলমের মাধ্যমে। চলমান থাকবে এ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বগতি। ধন্যবাদ সবাইকে।

পরিশেষে উপরোক্ত উপস্থাপিত বক্তব্যের প্রেক্ষিতে উপস্থিত সাংবাদিকবৃন্দ বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন এবং মাননীয় ভাইস-চ্যান্সেলর সকলের প্রশ্নের যৌক্তিক উত্তর প্রদান করেন। তিনি এ জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য সাংবাদিকবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

news

10 May 2026

রাবিপ্রবি এবং পার্কভিউ হাসপিটাল লি. এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পার্কভিউ হসপিটাল লিমিটেড এর মধ্যে আজ ০৭ মে ২০২৬খ্রি. তারিখে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এ সমঝোতা স্মারকে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এবং পার্কভিউ হসপিটাল লি. এর পক্ষে স্বাক্ষর করেন হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ডা. এ.টি.এম. রেজাউল করিম।

এ সমঝোতা স্মারকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কর্মরত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার (স্বামী, স্ত্রী, সন্তান, বাবা ও মা) ছাড়কৃত মূল্যে চট্টগ্রামে অবস্থিত পার্কভিউ হসপিটালে মেডিকেল সেবা গ্রহণ করতে পারবে। হাসপাতাল কর্তৃপক্ষ প্যাথলজী বিভাগে সেবার জন্য ৩৫%, এক্স-রে, ‍সিটিস্ক্যান, এমআরআই, ইসিজি, আলট্রাসনোগ্রাম, ইকো ও ইটিটি মেডিকেল সেবার জন্য ২৫% এবং হসপিটালে ভর্তি থাকাকালীন ৭০% ছাড়ে মেডিকেল সেবা প্রদান করবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যয়নপত্র ও আইডি কার্ড প্রদর্শন করতে হবে।

মাননীয় ভাইস-চ্যান্সেলর এ স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে দুপক্ষই উপকৃত হবে এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যবৃন্দ জরুরি প্রয়োজনে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে। এমন সুযোগ আমাদের আগে ছিল না। তিনি এ আয়োজনের জন্য প্রশাসন শাখাসহ যারা জড়িত ছিলেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সভায় পার্কভিউ হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে পার্কভিউ হসপিটালের অবকাঠামো, কার্যক্রম, ইকুইপমেন্ট সুযোগ সুবিধা ও চিকিৎসার পরিবেশসহ ডাক্তার, নার্স, ল্যাব টেকনিশিয়ানদের অভিজ্ঞতা ও দক্ষতার কথা তুলে ধরা হয় এবং রাবিপ্রবি’র পক্ষ থেকে রাবিপ্রবি’র শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের তথ্য ও বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের তথ্যচিত্র তুলে ধরা হয়।

উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ জুনাইদ কবির, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, বিভাগীয় চেয়ারম্যানগণ সহ কর্মকর্তাবৃন্দ এবং পার্কভিউ হসপিটাল লি. এর ল্যাবরেটরি সার্ভিসেস ডিরেক্টর ডা. মাহাবুবুর রহমান চৌধুরী, কমপ্লায়েন্স ডিরেক্টর ডা. সালাউদ্দিন এম.এইচ. চৌধুরী, মেডিকেল ডিরেক্টর ডা. আহমেদ রহিম, মার্কেটিং ম্যানেজার জনাব মোঃ জাহেদুল ইসলাম এবং এসিসট্যান্ট ম্যানেজার নিজাম উদ্দিন হসপিটালের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সমঝোতা স্মারক আগামী ২ বছরের জন্য কার্যকর থাকবে এবং পরবর্তীতে উভয়ের সম্মতিক্রমে মেয়াদ নবায়ণ করা যাবে।

news

05 May 2026

রাবিপ্রবি’তে BNQF & OBE Curriculum শীর্ষক দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে দুই দিনব্যাপী ‘Bangladesh National Qualifications Framework (BNQF) & Outcome-Based Education (OBE) Curriculum’ শীর্ষক দ্বিতীয় দিনের প্রশিক্ষণ আজ ০৪ মে ২০২৬ খ্রি. তারিখ রোজ সোমবার সকাল ০৯:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

দুই দিনব্যাপী আয়োজিত উক্ত প্রশিক্ষণের সমাপনী দিনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। দ্বিতীয় দিনের প্রশিক্ষণে রাবিপ্রবি’র ব্যবসায় অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি) এর আইকিউএস ‘র অতিরিক্ত পরিচালক (কিউএ) ড. শুভ্র প্রকাশ দত্ত এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ও ওশানোগ্রাফি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মুসলিম উদ্দিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় বলেন এ প্রশিক্ষণ আউটকাম বেইজড কারিকুলাম প্রনয়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমান বিশ্বে কর্মসংস্থানের জন্য জ্ঞান দক্ষতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির বিকল্প নেই, আমরা আমাদের শিক্ষার্থীদেরকে দেশ-বিদেশের ইন্ড্রাস্ট্রির চাহিদা অনুযায়ী গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করবো। এর জন্য OBE framework ও Bloom's Taxonomy অনুসরণ করে শিক্ষার্থীদের জন্য আউটকাম বেইজড কারিকুলাম প্রনয়ণ করার আহবান জানান। তিনি শিক্ষার্থীদেরকে বাস্তবভিত্তিক জ্ঞান প্রদান করে দক্ষ গ্র্যাজুয়েট তৈরি জন্য শিক্ষকবৃন্দকে উৎসাহিত করেন। তিনি সকল প্রশিক্ষক ও অংশগ্রহণকারী সকল শিক্ষক এবং আইকিউএসি সেলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরিশেষে ভাইস-চ্যান্সেলর মহোদয় অংশগ্রহণকারী সকল শিক্ষককে সার্টিফিকেট প্রদান করেন।

দ্বিতীয় দিনের প্রশিক্ষণে বিভিন্ন বিভাগের শিক্ষকগণকে Outcome Based Education (OBE) Curriculum Design প্রণয়নের জন্য গ্রুপে ভাগ করা হয়। প্রশিক্ষণে OBE ফ্রেমওয়ার্ক ও প্রক্রিয়া, International Standard Classification of Education (ISCED) অনুসরণ করে কোর্স কোড প্রদান, কোর্স প্লানিং ও কনটেন্ট তৈরি, কোর্স ডেলিভারি, কোর্স আউটলাইন ও লেভেল অ্যাসেসমেন্ট, টিচিং-লার্নিং অ্যাসেসমেন্ট (TLA), কোর্স লার্নিং আউটকাম (CLO), প্রোগ্রাম লার্নিং আউটকাম (PLA) অ্যাসেসমেন্ট প্রক্রিয়া এবং OBE Curriculum এর চ্যালেঞ্জ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। জব মার্কেট ও ইন্ডাস্ট্রির চাহিদা অনুসারে কোর্স নির্বাচন ও স্টেকহোল্ডারদের ফিডব্যাক গ্রহণ; গ্র্যাজু্য়েশন শেষে শিক্ষার্থীদের চাকরি ও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার হার এবং বিশ্ববিদ্যালয়ের মিশন ও ভিশনের উপর ভিত্তি করে যুগোপযোগী কারিকুলাম OBE Curriculum প্রণয়ন ও ক্রমাগত পরিবর্তন আনার বিষয়ে আলোকপাত করেন। অঞ্চলভিত্তিক কোর্স ও কোর্স কনটেন্ট চাহিদার প্রেক্ষিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন ২০১৭ এবং Bangladesh National Qualifications Framework (BNQF) ২০২১ অনুসরণ করে OBE Curriculum ডিজাইন করার উপর গুরুত্বারোপ করা হয়।

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ জুনাইদ কবির, সকল অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু তালেব, অতিরিক্ত পরিচালক (কিউএ) ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিম মাহমুদ এবং আইকিউএসি (অতিরিক্ত দায়িত্ব) ও উপ-রেজিস্ট্রার (একাডেমিক) জনাব মাহবুব আরা উপস্থিত ছিলেন।

news

04 May 2026

রাবিপ্রবি’তে BNQF & OBE Curriculum শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে দুই দিনব্যাপী ‘Bangladesh National Qualifications Framework (BNQF) & Outcome-Based Education (OBE) Curriculum’ শীর্ষক একটি প্রশিক্ষণ আজ ০৩ মে ২০২৬ খ্রি. তারিখ রোজ রবিবার সকাল ০৯:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে শুরু হয়। উক্ত প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগ যথা: কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

দিনব্যাপী আয়োজিত উক্ত প্রশিক্ষণের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। প্রথম দিনের প্রশিক্ষণে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক (কিউএ এন্ড এনকিউএফ) প্রফেসর মোহাম্মদ তাজিব উদ্দিন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেইন প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

মাননীয় ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ খুব শীঘ্রই OBE Curriculum এর আওতায় আসবে এমন আশাবাদ ব্যক্ত করেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন দেশ-বিদেশের জব মার্কেটে প্রতিযোগিতায় তাদের যোগ্যতা ও দক্ষতা প্রদর্শন করে টিকে থাকতে পারে এবং সুনাম বয়ে আনতে পারে এমন মনোভাব নিয়ে আমাদের কাজ করতে হবে এবং কারিকুলামকে যুগোপযোগী রাখতে হবে। এ প্রশিক্ষণ এ প্রক্রিয়ারই অংশ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা ও পারফরমেন্স বৃদ্ধি করার জন্য প্রশিক্ষণ অপরিহার্য। এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা OBE কারিকুলাম প্রণয়ন করে শিক্ষার্থীদেরকে তৈরি করা; নেতৃত্ব প্রদানের ও চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা অর্জন করার অনুপ্রেরণা প্রদান করা এবং সর্বোপরি বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রাতিষ্ঠানিকভাবে পরিচিত ও স্বীকৃতির জন্য কৌশলগত পদক্ষেপ গ্রহণ করে কাজ করার আহবান জানান।

প্রশিক্ষণের প্রথম সেশনে প্রফেসর মোহাম্মদ তাজিব উদ্দিন Bangladesh National Qualifications Framework (BNQF) এর ইতিহাস ও কাঠামোগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি প্রতিষ্ঠানে BNQF বাস্তবায়নের সুফল, OBE Curriculum, গুণগতমান নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের গতিশীলতা সহজীকরণ, কর্মসংস্থানযোগ্যতা বৃদ্ধি, আজীবন শিক্ষার প্রসার, স্বচ্ছতা ও স্বীকৃতিকে উৎসাহিতকরণ, পারস্পরিক সহযোগিতা আদান-প্রদান, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়নে নির্দেশনা প্রদান বিষয়ে আলোকপাত করেন। এছাড়া তিনি ১৯৫৬ সালে Benjamin Bloom কর্তৃক প্রণীত Bloom’s Taxonomy সম্পর্কিত কাঠামো তুলে ধরেন। এটি শেখা (learning) ও চিন্তাশক্তির স্তরভিত্তিক একটি কাঠামো, যা শিক্ষার্থীদের জ্ঞান অর্জন থেকে শুরু করে উচ্চতর মানের বিশ্লেষণ ও সৃজনশীলতায় পৌঁছানোর ধাপগুলো ব্যাখ্যা করে থাকে যা পাঠ পরিকল্পনা, প্রশ্ন তৈরি এবং শিক্ষার্থীদের মূল্যায়নে সাহায্য করে; এবং এটি নিম্নস্তরের জ্ঞান থেকে উচ্চস্তরের চিন্তায় উন্নীত হওয়ার একটি পরিষ্কার পথ নির্দেশ করে থাকে। এবিষয়গুলো তিনি বাস্তবতার আলোকে তুলে ধরেন।

পরবর্তী সেশনে প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেইন Quality Assurance in Higher Education Institution বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি উচ্চশিক্ষা ব্যবস্থার বিভিন্ন স্তরে (জাতীয়, প্রাতিষ্ঠানিক বা কার্যক্রম) গুণগত মান মূল্যায়ন, আউটকাম বেইজড এডুকেশন কারিকুলামে শিক্ষার্থীদের সফট স্কিল রপ্ত করা এবং শিক্ষার্থীদেরকে এমপ্লয়াবিলিটি স্কিল বৃদ্ধি করার বিষয়ে শিক্ষক ও প্রতিষ্ঠানের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।

তিনি প্রাতিষ্ঠানিক কোয়ালিটি ও কোয়ালিটি অ্যাসিউরেন্স এর আওতায় ইন্টারনাল ও এক্সটারনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স নিশ্চিত করার লক্ষ্যে করণীয় বিষয়ে বিস্তারিতভাবে তাত্ত্বিক আলোচনা উপস্থাপন করেন। এটি এমন একটি পরিকল্পিত ও ধারাবাহিক প্রক্রিয়া, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের শিক্ষা, গবেষণা, মূল্যায়ন পদ্ধতি এবং সেবার মান নির্ধারিত মানদণ্ড অনুযায়ী বজায় রাখে ও তা সময়ের প্রেক্ষিতে উন্নত করে থাকে। অর্থ্যাৎ শিক্ষার্থীরা যে শিক্ষা পাচ্ছে তা মানসম্মত, প্রাসঙ্গিক এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য কিনা তা নিশ্চিত করার পদ্ধতিগত দিকের বর্ণনা তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দেশের দক্ষ মানবসম্পদ হিসেবে এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা, প্রশিক্ষণ ও কারিকুলাম প্রণয়ন এর ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল BNQF এর কাঠামো, লেভেল ডেসক্রিপ্টর, দক্ষতা মূল্যায়ন পদ্ধতি এবং কারিকুলাম উন্নয়ন সম্পর্কে অংশগ্রহণকারীদেরকে সম্যক ধারণা প্রদান করা। এই উদ্যোগের মাধ্যমে ফ্যাকাল্টি মেম্বারদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক শিক্ষা পদ্ধতি সম্পর্কে বাস্তবধর্মী জ্ঞান অর্জনে সহায়ক হবে। এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম দেশের শিক্ষাব্যবস্থাকে আরো মানসম্মত ও দক্ষতাভিত্তিক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমন দিক নির্দেশনা প্রদান করা হয়। BNQF অনুযায়ী OBE কারিকুলাম প্রবর্তনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও বিশ্ববিদ্যালয়কে একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার জন্য বিএনকিউএফ-এর বিধানাবলীর সাথে সঙ্গতি রেখে উচ্চশিক্ষার সমসাময়িক সর্বোত্তম জ্ঞান বিনিময়, শিক্ষকগণের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করতে এবং বিশ্ববিদ্যালয়ে টেকসই ও গুণগত শিক্ষা সংস্কৃতি গড়ে তোলার জন্য দুই দিনের এই প্রশিক্ষণ কর্মসূচির এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ জুনাইদ কবির, সকল অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু তালেব, অতিরিক্ত পরিচালক (কিউএ) ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড.  তানজিম মাহমুদ এবং আইকিউএসি (অতিরিক্ত দায়িত্ব) ও উপ-রেজিস্ট্রার (একাডেমিক) জনাব মাহবুব আরা উপস্থিত ছিলেন।

news

29 Apr 2026

রাবিপ্রবি’তে ‘Public Procurement and Audit’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘Public Procurement and Audit’ বিষয়ক একটি প্রশিক্ষণ আজ ২৭ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ রোজ সোমবার সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হিসাব দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ সাইদুর রহমান।

উক্ত প্রশিক্ষণে সভাপতি হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। তিনি প্রশিক্ষককে স্বাগত জানিয়ে বলেন, পেশাগত জীবনে প্রশিক্ষণের প্রয়োজন আছে; আমরা প্রথম থেকেই বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করে আসছি। তিনি বলেন, প্রশিক্ষণ হতে হবে অংশীদারিত্বমূলক। তিনি প্রশিক্ষণের আগে ও পরে যেন প্রশিক্ষণার্থীদের মধ্যে মানসিক ও পারসেপশনের (ধারণা) ইতিবাচক পরিবর্তন আসে এ আশাবাদ ব্যক্ত করেন এবং তার মূল্যায়নের উপর গুরুত্বারোপ করেন। এই প্রশিক্ষণ থেকে পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়া ও ম্যানেজমেন্ট এবং অডিট নীতিমালা সম্পর্কে আরো স্বচ্ছ ধারণা তৈরি হবে। এই প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান যদি কর্মক্ষেত্রে প্রতিফলিত হয়, তাহলে আজকের এই প্রশিক্ষণ সার্থক হবে। তিনি আইকিউএসি’র মাধ্যমে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের জন্য আরো প্রশিক্ষণ এর আয়োজন করার আগ্রহ প্রকাশ করেন এবং এ আয়োজনের জন্য আইকিউএসি সেলকে ধন্যবাদ প্রদান করেন।

উক্ত প্রশিক্ষণের প্রশিক্ষক নোবিপ্রবি’র হিসাব দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ সাইদুর রহমান বাংলাদেশে বিদ্যমান পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধানাবলী, আভ্যন্তরীণ ও সরকারি অডিট এবং ভ্যাট-ট্যাক্স সংক্রান্ত তাত্ত্বিক-প্রায়োগিক বিস্তারিত আলোচনা করেন এবং স্বীয় অভিজ্ঞতার আলোকে বাস্তব পরিস্থিতির ব্যাখ্যা ও সংকট মোকাবেলার বিভিন্ন দিক তুলে ধরেন। পরিশেষে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন ধরনের রাজস্ব-উন্নয়ন বাজেটের ক্রয়, বিভিন্ন টেন্ডার পদ্ধতি, অডিট, পারিতোষিক বিল, স্টোর ম্যানেজমেন্ট, যানবাহন ব্যবস্থাপনা, অধিকাল ভাতা, দায়িত্ব ভাতা, টিএ/ডিএ, ছুটি নীতিমালা, বিদেশে সভা/সেমিনারের ভাতা এবং ভ্যাট-ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।


সেমিনারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ জুনাইদ কবির, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু তালেব, অতিরিক্ত পরিচালক (কিউএ) ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিম মাহমুদ এবং আইকিউএসি (অতিরিক্ত দায়িত্ব) ও উপ-রেজিস্ট্রার (একাডেমিক) জনাব মাহবুব আরা উপস্থিত ছিলেন।