রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত

Publish Date: 13 Jul 2026 08:41:45 AM

রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (এফইএস) বিভাগের মাস্টার্স কোর্সের প্রথম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান আজ ১৩ জুলাই ২০২৬ খ্রি. তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-০১ এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি'র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। এছাড়াও অনুষ্ঠানে রাবিপ্রবি'র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবির, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ড. তৌহিদুল আলম, প্রক্টরসহ অন্যান্য বিভগের শিক্ষকবৃন্দ এবং এফইএস বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. নিখিল চাকমা।

মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় মাস্টার্স প্রথম ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে অভিনন্দন ও স্বাগত জানান। তিনি এ বিভাগের সম্মানিত ও নিবেদিতপ্রাণ শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, আজকের দিনটি ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের জন্য একটি শুভ দিন এবং এই বিভাগটি আজ নতুন এক অধ্যায়ে পর্দাপণ করতে যাচ্ছে। এ বিভাগের কোর্স ডিজাইন ও কোর্স কনটেন্ট দেখে ভাইস-চ্যান্সেলর মহোদয় সন্তোষ প্রকাশ করেন যা বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সাথে সামঞ্জস্য রেখে করা হয়েছে বলে মন্তব্য করেন। এই বিভাগে অ্যাডভান্সড জিআইএস এন্ড রিমোট সেন্সিং ল্যাব কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা হাতে-কলমে দূরবর্তী স্থানের ইকোসিস্টেমে উপস্থিত না থেকেও যেকোনো ইকোসিস্টেমের বিভিন্ন ডাটা সংগ্রহের কৌশল আয়ত্ত করার মাধ্যমে জ্ঞান অর্জন করতে সক্ষম হবে এ আশাবাদ রাখেন। এছাড়াও অ্যাডভান্সড সয়েল এন্ড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট এবং ক্লাইমেট চেঞ্জ এডাপ্টেশন এন্ড নেচার বেইজড সলিউশন কোর্সের সিলেবাস এবং কনটেন্টসমূহ কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় পরিদর্শনের অভিজ্ঞতার আলোকে বিদেশী বিশ্ববিদ্যালয়ের কোর্স কনটেন্টের সাথে সামঞ্জস্য রেখে ডিজাইন করা হয়েছে। এই কোর্সসমূহের ইনডেপথ নলেজ আহরণ শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য মাইলফলক হয়ে থাকবে। তিনি আরো বলেন, শিক্ষার্থীরা এমন একটি ইকোসিস্টেমে অবস্থান করছে যেখান থেকে পরিবশে, মাটি ও পানি সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন করতে পারছে। তিনি শিক্ষার্থীদের আহরিত জ্ঞান শুধুমাত্র দেশমাতৃকার কাজে ব্যবহৃত হবে না, বৈশ্বিকভাবে অনন্য অবদান রাখবে এবং মাস্টার্স প্রথম ব্যাচের শিক্ষার্থীরা ডিগ্রি নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করবে যা আমাদের বিশ্ববিদ্যালয় ও বিভাগকে সামনের দিকের পথচলায় অনুপ্রেরণা জোগাবে এমন আশাবাদ রাখেন।

ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. সুপ্রিয় চাকমা অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্যে করোনাকালীন সময়ে অনলাইনে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ক্লাস শুরু ও ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করার স্মৃতিচারণ করেন। বিভাগের প্রভাষক জনাব ছায়েদুল আমিন বিভাগীয় কারিকুলামের একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এছাড়া শিক্ষকতার অভিজ্ঞতা ও বিভাগীয় শিক্ষার্থীদের অর্জন নিয়ে আলোচনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু তালেব। মাস্টার্স প্রথম ব্যাচের শিক্ষার্থীদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন তাসনিয়া মেহেরুন।

বিশ্ববিদ্যালয়ের এফইএস বিভাগের অনার্স প্রথম ব্যাচ থেকে স্নাতক (সম্মান) সম্পন্নকারী শিক্ষার্থীদের মধ্যে ১৮ জন শিক্ষার্থী মাস্টার্স প্রথম ব্যাচে ভর্তি হয়েছেন। শিক্ষার্থীরা ভাইস-চ্যান্সেলর মহোদয়কে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফইএস বিভাগের শিক্ষার্থী সঞ্চিতা চক্রবর্তী। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে এফইএস বিভাগের অন্যান্য ব্যাচের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, উক্ত ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (এফইএস) বিভাগের মাস্টার্স প্রথম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।

Related News