রাবিপ্রবি’তে ‘Public Procurement and Audit’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Publish Date: 29 Apr 2026 06:14:55 AM

রাবিপ্রবি’তে ‘Public Procurement and Audit’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘Public Procurement and Audit’ বিষয়ক একটি প্রশিক্ষণ আজ ২৭ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ রোজ সোমবার সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হিসাব দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ সাইদুর রহমান।

উক্ত প্রশিক্ষণে সভাপতি হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। তিনি প্রশিক্ষককে স্বাগত জানিয়ে বলেন, পেশাগত জীবনে প্রশিক্ষণের প্রয়োজন আছে; আমরা প্রথম থেকেই বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করে আসছি। তিনি বলেন, প্রশিক্ষণ হতে হবে অংশীদারিত্বমূলক। তিনি প্রশিক্ষণের আগে ও পরে যেন প্রশিক্ষণার্থীদের মধ্যে মানসিক ও পারসেপশনের (ধারণা) ইতিবাচক পরিবর্তন আসে এ আশাবাদ ব্যক্ত করেন এবং তার মূল্যায়নের উপর গুরুত্বারোপ করেন। এই প্রশিক্ষণ থেকে পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়া ও ম্যানেজমেন্ট এবং অডিট নীতিমালা সম্পর্কে আরো স্বচ্ছ ধারণা তৈরি হবে। এই প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান যদি কর্মক্ষেত্রে প্রতিফলিত হয়, তাহলে আজকের এই প্রশিক্ষণ সার্থক হবে। তিনি আইকিউএসি’র মাধ্যমে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের জন্য আরো প্রশিক্ষণ এর আয়োজন করার আগ্রহ প্রকাশ করেন এবং এ আয়োজনের জন্য আইকিউএসি সেলকে ধন্যবাদ প্রদান করেন।

উক্ত প্রশিক্ষণের প্রশিক্ষক নোবিপ্রবি’র হিসাব দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ সাইদুর রহমান বাংলাদেশে বিদ্যমান পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধানাবলী, আভ্যন্তরীণ ও সরকারি অডিট এবং ভ্যাট-ট্যাক্স সংক্রান্ত তাত্ত্বিক-প্রায়োগিক বিস্তারিত আলোচনা করেন এবং স্বীয় অভিজ্ঞতার আলোকে বাস্তব পরিস্থিতির ব্যাখ্যা ও সংকট মোকাবেলার বিভিন্ন দিক তুলে ধরেন। পরিশেষে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন ধরনের রাজস্ব-উন্নয়ন বাজেটের ক্রয়, বিভিন্ন টেন্ডার পদ্ধতি, অডিট, পারিতোষিক বিল, স্টোর ম্যানেজমেন্ট, যানবাহন ব্যবস্থাপনা, অধিকাল ভাতা, দায়িত্ব ভাতা, টিএ/ডিএ, ছুটি নীতিমালা, বিদেশে সভা/সেমিনারের ভাতা এবং ভ্যাট-ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।


সেমিনারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ জুনাইদ কবির, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু তালেব, অতিরিক্ত পরিচালক (কিউএ) ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিম মাহমুদ এবং আইকিউএসি (অতিরিক্ত দায়িত্ব) ও উপ-রেজিস্ট্রার (একাডেমিক) জনাব মাহবুব আরা উপস্থিত ছিলেন।