All News
news

08 Apr 2026

রাবিপ্রবি ও মালয়েশিয়ার ‘ইউএমটি’ এর মধ্যে অভিপ্রায় পত্র (Letter of Intent) স্বাক্ষর

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং Universiti Malaysia Terengganu (UMT)-এর মধ্যে আজ ৭ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখে একটি অভিপ্রায় পত্র (Letter of Intent-LOI) স্বাক্ষরিত হয়েছে। এ সমঝোতা স্মারকে রাবিপ্রবি’র পক্ষে স্বাক্ষর করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর ও এগ্রিকালচারাল এন্ড বায়োলজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এবং ইউএমটির পক্ষে স্মারকে স্বাক্ষর করেন ফিশারিজ ও একুয়াকালচার সায়েন্স অনুষদের ডীন ড. নাজিয়া বিনতে মুসা।

রাবিপ্রবি’র পক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সমন্বয় করেন ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের প্রভাষক মোহাম্মদ এজাজুল ইসলাম এবং ইউএমটি’র পক্ষে সমন্বয় করেন সিনিয়র প্রভাষক ড. হাসান ইব্রাহিম শেখ। এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবির ও ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোঃ মতিউর রহমান চৌধুরী, সকল শিক্ষক এবং ইউএমটি’র টেলেন্ট এন্ড রির্সাচ এর ডেপুটি ডিন ও সহযোগী অধ্যাপক প্রফেসর ড. ওয়ান মোঃ রাওহান বিন ওয়ান হুসিন, সিনিয়র লেকচারার ড. হাসান ইব্রাহীম শেখ ও সিনিয়র লেকচারার ড. আহসান হাবীব।

এই চুক্তির আওতায় রাবিপ্রবি’র ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের শিক্ষার্থীরা আগামী বছর থেকে মালয়েশিয়ার ইউএমটি’তে একমাসের ইন্টার্নশিপের সুযোগ পাবে। এ সমঝোতা স্মারকের মাধ্যমে রাবিপ্রবি’র এগ্রিকালচারাল এন্ড বায়োলজিক্যাল সায়েন্সেস অনুষদ এবং ইউএমটি’র এগ্রিকালচারাল এন্ড বায়োলজিক্যাল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী ও শিক্ষকরা যৌথভাবে গবেষণা পরিচালনা, পারস্পরিক সহযোগিতা ও গবেষণা প্রবন্ধ প্রকাশনা; সেমিনার আয়োজন, একাডেমিক তত্ত্বাবধান (সুপারভিশন); শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় (এক্সচেঞ্জ) এবং পারস্পরিক সম্মতিক্রমে অন্য যেকোনো একাডেমিক কার্যক্রমে সহযোগিতা করতে পারবে। এ সমঝোতা স্মারক আগামী ২ বছরের জন্য কার্যকর থাকবে এবং পরবর্তীতে উভয়ের সম্মতিক্রমে এ মেয়াদ নবায়ন করা যাবে।

news

06 Apr 2026

ইউজিসি’র মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাক্ষাৎ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর মাননীয় চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মামুন আহমেদ মহোদয়ের সাথে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান সাক্ষাৎ করেন।

আজ ০৫/৪/২০২৬ খ্রি. তারিখ বিকেল ৩:৩০ ঘটিকায় তিনি ইউজিসি’তে তাঁর অফিসে এক সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক-প্রশাসনিক, উন্নয়নমূলক ও গবেষণা কার্যক্রমসহ সার্বিক পরিস্থিতি তুলে ধরেন ; এসময় তিনি নবনিযুক্ত চেয়ারম্যান মহোদয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের ছবি উপহার প্রদান করেন।

news

06 Apr 2026

রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত B ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান/ ইঞ্জিনিয়ারিং) জিএসটি গুচ্ছভুক্ত B ইউনিটের ভর্তি পরীক্ষা আজ 03 এপ্রিল ২০২৬ খ্রি. রোজ শুক্রবার সকাল ১১.০০ টা থেকে ১২.০০ টা পর্যন্ত রাবিপ্রবি’র কেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১, একাডেমিক ভবন-২, ভোয়াল্ল্যা ও মোনঘর কেন্দ্রে অনুষ্ঠিত B ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বমোট ১৯৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে 1195 জন উপস্থিত এবং 764 জন অনুপস্থিত ছিলেন; উপস্থিতির হার 63.93%।

মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান কেন্দ্রের কক্ষসমূহ পরিদর্শন করেন। এ সময় রাবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও জিএসটি B ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির ফোকাল পয়েন্ট জনাব মোহাম্মদ জুনাইদ কবির, রাবিপ্রবি জিএসটি পরীক্ষার কো-অর্ডিনেটর ও সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ড. তৌহিদুল আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন এবং ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও প্রক্টর ড.মোঃ ফখরুদ্দিন উপস্থিত ছিলেন। মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় দায়িত্বরত প্রধান প্রত্যবেক্ষক, প্রত্যবেক্ষক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনাসহ ভর্তি পরীক্ষার কার্যক্রম তদারকি করেন।

মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় আজ অনুষ্ঠিত গুচ্ছভুক্ত B ইউনিটের ভর্তি পরীক্ষা রাবিপ্রবি সহ তিনটি কেন্দ্র পরিদর্শন করেন এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি পরীক্ষা পরিচালনা কমিটি, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা কমিটির তৎপরতা এবং পরীক্ষার্থী অভিভাবকদের তথ্য ও সেবা প্রদান বেশ গোছালো থাকায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, আজকের এ ভর্তি পরীক্ষায় উপস্থিতি বিগত বছরগলোর তুলনায় সব ইউনিটেই বেশি, পরীক্ষার পরিবেশও চমৎকার, দায়িত্ব পালনকারী প্রত্যবেক্ষকগণ আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালন করে চলেছেন। আমরা আশা করি অত্যন্ত সাবলীলভাবে ভর্তি পরীক্ষার প্রক্রিয়া সম্পন্ন হবে। নতুন বছরের জন্য আমরা ছাত্র-ছাত্রীদেরকে পাবো। নতুন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়কে মাতিয়ে রাখবে। বিশ্ববিদ্যালয় সর্ম্পকে তিনি অভিভাবকদের বলেন, বর্তমানে রাবিপ্রবি’তে সেশনজট শূন্যের কোটায় নামিয়ে আনতে পেরেছি; শিক্ষার জন্য শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছি। যে স্থাপনাগুলো নির্মিত হচ্ছে তা দ্রুতই সম্পন্ন হবে এবং তা শুধু আমাদের অবকাঠামোগত প্রয়োজন মেটাবে না এর নান্দনিকতা-স্থাপত্যশৈলী সবমিলিয়ে একটি ক্লাসিক এনভায়রনমেন্ট তৈরির লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। রাবিপ্রবি’তে চমৎকার একটা পরিবেশ রয়েছে যেখানে কার্বন-ডাই-অক্সাইড এর লেভেল একদম কম, লেক-পাহাড়-বন আছে, ছাত্র বান্ধব পরিবেশ, শিক্ষার্থীদের নানারকম ক্লাব আছে সবমিলিয়ে আমরা মনে করছি - এ বিশ্ববিদ্যালয় আগামীর সময়ে শিক্ষার্থীদের কাছে প্রথম দিককার পছন্দের একটি বিশ্ববিদ্যালয় হবে।

B ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন অফিস, পৌরসভা প্রশাসন, পরিবহন মালিক সমিতি, হোটেল মালিক সমিতি, সিএনজি মালিক-শ্রমিক সমিতি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সকল অংশীজনদের ধন্যবাদ জ্ঞাপন করেন। সর্বোপরি তিনি দূর-দূরান্ত থেকে আগত পরীক্ষার্থীদের ও অভিভাবকদের রাবিপ্রবি ক্যাম্পাসে স্বাগত ও শুভেচ্ছা জানান।

উল্লেখ্য যে, জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে আজ B ইউনিটের ভর্তি পরীক্ষা দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হয়। আগামী ১০ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখে A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

news

01 Apr 2026

রাবিপ্রবি ভাইস চ্যান্সেলর ও শিক্ষকদের ভিয়েতনামে অনুষ্ঠিত FORSU Project এর সমাপনী কর্মশালায় অংশগ্রহণ

ভিয়েতনামের Thai Nguyen University of Agriculture and Forestry (TUAF) এ বিগত ২৯ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত “Forest Landscape Restoration and Sustainable Livelihoods in Bangladesh and Vietnam (FORSU)” শীর্ষক প্রকল্পের সমাপনী কর্মশালায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেছেন।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সদস্য হিসেবে মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতিয়ার রহমান, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক  ড. নিখিল চাকমা, সহকারী অধ্যাপক জনাব সাদ্দাম হোসেন এবং ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সপ্তর্ষি চাকমা অংশগ্রহণ করেন। 

তিন বছর মেয়াদী FORSU শীর্ষক প্রকল্পের অধীনে বাংলাদেশ ও ভিয়েতনামের বনভূমি পুনরুদ্ধার ও টেকসই জীবিকা অন্বেষণের জন্য গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ প্রকল্পের সমাপনী কর্মশালা- বাংলাদেশ, ফিনল্যান্ড, জার্মানি এবং ভিয়েতনামের সকল প্রকল্প অংশীদারদের অংশগ্রহণে উদ্বোধন করা হয় এবং কর্মশালায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, University of Freiburg, University of Helsinki, Hue University, Thai Nguyen University of Agriculture and Forestry ও Tay Nguyen University।

ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের FORSU শীর্ষক প্রকল্পের সমন্বয়ক জনাব দীপজয় চাকমা সকালের অধিবেশনের কর্মসূচি তুলে ধরেন এবং প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন তৈরির জন্য অংশগ্রহণকারীদের দুটি দলে বিভক্ত করেন। ফ্রেইবার্গ বিশ্ববিদ্যালয় বাংলাদেশী অংশীদারদের সহায়তা প্রদান করে, অপরদিকে হেলসিংকি বিশ্ববিদ্যালয় ভিয়েতনামী অংশীদারদের প্রকল্প ফলাফল কাঠামোর আলোকে প্রতিবেদন তৈরি এবং মূল অর্জনগুলো পর্যালোচনায় সহায়তা প্রদান করে। দলগতভাবে আলোচনা ও পর্যালোচনার পরবর্তীতে, হেলসিংকি বিশ্ববিদ্যালয়ের প্রকল্প ব্যবস্থাপনা দলের অধ্যাপক এডওয়ার্ড ওয়েভ FORSU শীর্ষক প্রকল্পের ফলাফল কাঠামো উপস্থাপন করেন এবং ২০২৬ সালের এপ্রিলের মধ্যে চূড়ান্ত প্রকল্প প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা দিয়ে আলোচনা করেন। কর্মশালার কার্যক্রমের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা থাই নিগুয়েন ক্লাইমেট লার্নিং সেন্টার পরিদর্শন করেন, যেখানে তারা বন পুনরুদ্ধার, বাঁশ বাগান, ঔষধি গাছ এবং বাড়ির বাগান উন্নয়নসহ বিভিন্ন জলবায়ু সহনশীল উদ্যোগ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এছাড়াও অংশগ্রহণকারীরা পর্যটনের জন্য ফ্লেমিংগো নামে পরিচিত একটি কৃত্রিম হ্রদ ও রিসোর্ট এবং একটি জৈব চা বাগানও পরিদর্শন করেন। বিশ্ববিখ্যাত পর্যটন গ্রাম থাই হাই গ্রামের বিশ্বখ্যাত পর্যটন গ্রাম পরিদর্শনের মাধ্যমে এই ফিল্ড ট্যুর সম্পন্ন হয়।

news

31 Mar 2026

রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ২৬ মার্চ ২০২৬ খ্রি. যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। ইতিহাসের পথ পরিক্রমায় ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের ধারায় বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। এদিনটি জাতির আত্মত্যাগ, দেশপ্রেম ও সাহসের প্রতীক। দেশের ছাত্রজনতা-কৃষক-শ্রমিক-বুদ্ধিজীবী সকল স্তরের মানুষের আত্মত্যাগের এবং সকল নিপীড়ন-নির্যাতন ও শোষণ এর বিরুদ্ধে এক গৌরব গাঁথা ইতিহাস নিহিত আছে দিনটিতে। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানাতে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদেরকে নিয়ে ক্যাম্পাসের বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। অতঃপর মুক্তিযুদ্ধের সকল শহিদ ও দেশের অগ্রযাত্রার পথে সকল আন্দোলনের শহিদদের রুহের মাগফেরাত এবং বীর মুক্তিযোদ্ধাদের ও গণ-অভ্যুত্থানে আহত ও পঙ্গুত্ববরণকারীদের সুস্থতাসহ অত্রাঞ্চলের শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য বিশেষভাবে দোয়া করা হয়।

আলোচনায় মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় স্বাধীনতার মহান আদর্শ, দেশের উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের দর্শন বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। দেশের অগ্রগতির জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। টেকনোলজি বেইজড এ বিশ্বে টেকনোলজির জ্ঞান অর্জন ছাড়া অগ্রগতি সম্ভব নয়; তিনি সকলকে যুগোপযোগী টেকনোলজির জ্ঞান অর্জনের উপর গুরুত্বারোপ করেন। স্বাধীনতার এ দীর্ঘ সময় পরেও দেশের নগর-পল্লীতে বৈষম্য রয়েছে যা প্রত্যাশিত ছিল না; গণআন্দোলনের বৈষম্যবিরোধী চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে এ প্রত্যাশা করেন।

মাননীয় ভাইস চ্যান্সেলর সংক্ষিপ্ত বক্তব্যে আরো বলেন, দীর্ঘ নয় মাসের যে স্বাধীনতা সংগ্রাম ছিল, সেই সংগ্রামে যারা জীবন দিয়েছেন, আত্মাহুতি দিয়েছেন, যাদের কারণে মানচিত্র পেয়েছি, নতুন নাম পেয়েছি, বাংলাদেশ বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি সেইসকল শহিদ ও তাঁদের পরিবারের সদস্যদেরকে শ্রদ্ধা জানাই। বাংলাদেশের প্রতিটি মুক্তি আন্দোলনে শহিদ ও আহতজনদের আমরা স্মরণ রাখতে চাই এবং তাঁদের চাওয়াটাকে পূরণ করবার জন্যে আমরাও নিজেদেরকে যেনো দেশের উন্নয়নে উৎসর্গ করতে পারি, সেটিই আমাদের প্রত্যাশা। 

তিনি আরো বলেন, বৈষম্যমুক্ত একটা বাংলাদেশ চাই আমরা। যাতে করে কোনো মানুষের কাছে আরেকজন মানুষ তার ধর্ম, বর্ণ, গোত্র, জাতিসত্তা, দর্শনের কারণে যেনো বঞ্চিত না হয়। মানুষকে পরিমাপের মাপকাঠি হবে তার মেধা, যোগ্যতা ও দক্ষতা। আমাদেরকে এই বিশ্ববিদ্যালয়কে নতুন করে নির্মাণ এবং বিকশিত করবার জন্য প্রত্যেকেরই নিজ অবস্থান থেকে সততা ও দক্ষতার সাথে নিজেদেরকে নিবেদন করার আহবান জানান। আমাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দায়িত্বে আছি, ততক্ষণ পর্যন্ত কাজটাই হচ্ছে প্রধান ও এই বিশ্ববিদ্যালয়ের বিকাশের প্রক্রিয়াটাকে এগিয়ে নেয়া। তিনি সবার সম্মিলিত প্রচেষ্টায়, পুনর্গঠিত মূল্যবোধে এবং চাহিদার সমন্বয় করে এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার জন্য কাজ করার আহবান জানান। 

উল্লেখ্য যে, গতকাল ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরুপ ক্যাম্পাসের বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়; অতঃপর এক মিনিট নীরবতা পালনসহ শহিদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

news

25 Mar 2026

রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান/ ইঞ্জিনিয়ারিং) জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সকল অংশীজন নিয়ে একটি শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা আজ ২৪/০৩/২০২৬ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

উক্ত সমন্বয় সভায় রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন চৌধুরী, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জনাব বৈশালী চাকমা, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডা. আবদুল্লাহ আল মামুন সহ ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স রাঙ্গামাটি, রাঙ্গামাটি সরকারি কলেজ, রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজ, মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ আবদুল আলী একাডেমি, ভেদভেদী পৌর বিদ্যালয়, ভোয়াল্ল্যা উচ্চ বিদ্যালয়, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, রাঙ্গামাটি আবাসিক হোটেল মালিক সমিতি, রাঙ্গামাটি পার্বত্য যান্ত্রিক পরিবহন বহুমুখী সমবায় সমিতি, ডিজিএফআই, ডিএসবিসহ অন্যান্য অংশীজনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও রাবিপ্রবি’র বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও জিএসটি ভর্তি পরীক্ষা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মাননীয় ভাইস-চ্যান্সেলর সভার শুরুতে সবাইকে অভিনন্দন জানিয়ে ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আগত অংশীজনদেরকে অবহিত করেন এবং জিএসটি ভর্তি পরীক্ষাসমূহ (A, B ও C ইউনিট) সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য রাঙ্গামাটি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে সহযোগিতা কামনা করেন। তিনি ভর্তি পরীক্ষার দিনে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াত নিশ্চিত করতে রাস্তায় ভিড় ও যানবাহনের জ্যাম নিয়ন্ত্রণসহ পরীক্ষা কেন্দ্রে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন ও টহল বৃদ্ধি; নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ; খাবার পানির সুব্যবস্থা নিশ্চিতকরণ; জরুরি স্বাস্থ্য সেবার জন্য মেডিকেল টিম প্রস্তুত রাখা; গাড়ি পার্কিং; ভলান্টিয়ার ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন এবং রাঙ্গামাটি শহরে পরীক্ষার্থী ও অভিভাবকদের অবস্থানের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি ও সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট অংশীজনদেরকে বিশেষভাবে হোটেল মালিক ও পরিবহন মালিকদের প্রতি আহবান জানান। উপস্থিত অংশীজনরা তাঁদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সহযোগিতার বিষয় সমূহ আলোচনা করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের অংশীজনরা তাদের মতামত ও সহযোগিতার প্রস্তাব পেশ করেন। মাননীয় ভাইস-চ্যান্সেলর সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পারস্পরিক সহযোগিতায় সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষাসমূহ আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবার ষষ্ঠবারের মতো জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উল্লেখ্য যে, আগামী ২৭/০৩/২০২৬ তারিখে C ইউনিট (বাণিজ্য), ০৩/০৪/২০২৬ তারিখে B ইউনিট (মানবিক), ১০/০৪/২০২৬ তারিখে A ইউনিট (বিজ্ঞান) পরীক্ষা সকাল ১১.০০ টা থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত এবং আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা ১০/০৪/২০২৬ তারিখে বিকাল ৩.০০ টা হতে ৪.০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে A, B ও C ইউনিটে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট ১২,০২৩ জন পরিক্ষার্থী জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

news

08 Mar 2026

দুঃখ প্রকাশ ও সংবাদ সংশোধন

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ৫ মার্চ ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় বিশ্ববিদ্যালয়ের বিগত এক বছরের একাডেমিক ও উন্নয়নমূলক সকল কার্যক্রম অংশীজনদের কাছে তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ের বিপুল সম্ভাবনার কথা বলেন। তিনি তাঁর বক্তব্যের এক পর্যায়ে কথাচ্ছলে বলেন যে ঝগড়াবিল শব্দটিতে নেতিবাচকতা আছে। কিন্তু এটি পরিবর্তন সংক্রান্ত কোন কথাই তিনি বলেননি যার ভিডিও সংরক্ষিত আছে। কিন্তু, অসাবধানতাবশত, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রেস বিবৃতিতে ঝগড়াবিল নাম পরিবর্তন বিষয়ে উপাচার্যের দাবি আকারে উপস্থাপিত হয়েছে যা সঠিক নয়। এর জন্য জনসংযোগ দপ্তর আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

news

05 Mar 2026

রাবিপ্রবি’তে “Institutional Integrity and Outcomes’’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “Institutional Integrity and Outcomes’’ বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা আজ ৫ মার্চ ২০২৬খ্রি. তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১১:০০ ঘটিকায় উপাচার্য দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মকর্তাদের জন্য আয়োজিত এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি'র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

প্রশিক্ষণে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বিশ্ববিদ্যালয়কে সেবা প্রদান ও সহকর্মীদের সাথে কাজ করার সময় যথাযথ প্রাতিষ্ঠানিক ও সামাজিক শিষ্টাচার বজায় রেখে কাজ করার আহবান জানান। তিনি পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে কর্মকর্তাদেরকে চাকুরির আচরণবিধি অনুসরণ, সময়ানুবর্তিতার চর্চা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্পর্ক জোরদারের কৌশল রপ্ত করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সর্বোপরি ভালো ব্যবহার ও শিষ্টাচারের মাধ্যমে সুন্দর কর্মপরিবেশ সৃষ্টি করার বিষয়ে আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য কর্মকর্তাদেরকে সততা বজায় রেখে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার এবং নতুন কর্মদক্ষতা অর্জন ও যোগ্যতা বৃদ্ধির পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের জন্য উৎসাহ প্রদান করেন।

উক্ত প্রশিক্ষণে আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু তালেব; আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (কিউএ) ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিম মাহমুদ এবং আইকিউএসি (অতিরিক্ত দায়িত্ব) ও উপ-রেজিস্ট্রার (একাডেমিক) জনাব মাহবুব আরা উপস্থিত ছিলেন।

news

03 Mar 2026

রাবিপ্রবি’তে “এআই-এর দায়িত্বশীল ব্যবহার” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “গবেষণা ও শিক্ষাক্ষেত্রে জেনারেটিভ এআই-এর দায়িত্বশীল ব্যবহার” বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা আজ ২ মার্চ ২০২৬খ্রি. তারিখ রোজ সোমবার দুপুর ১২:০০ ঘটিকায় একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি'র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। এছাড়াও বহিঃপ্রশিক্ষক হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ এর Hydrogeology and Environmental Geoscience বিভাগের সিনিয়র লেকচারার ড. মোঃ হক।

কর্মশালায় সংক্ষিপ্ত বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান শিক্ষকবৃন্দকে এআই এর ইতিবাচক দিকগুলি গ্রহণ করে গবেষণা কাজে সচেতনতা ও দায়িত্বশীলতার সাথে এআই টুলস এর যথোপযুক্ত ব্যবহার করার এবং এআই এর নেতিবাচক ব্যবহার পরিহার করার আহবান জানান। ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের সিনিয়র লেকচারার ড. মোঃ হক পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় শিক্ষা ক্ষেত্রে এআই এর উপযোগিতা, এআই টুলস, RAISE Framework (Responsible AI Support for Education), শিক্ষানবিশ থেকে এক্সপার্ট লেভেলে এআই এর ব্যবহার এবং কারিগরি ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে এআই এর ব্যবহারের চ্যালেঞ্জ, সামাজিক ও নৈতিকতার বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

উক্ত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এন্ড ইনোভেশন ম্যানেজমেন্ট সেল (আরআইএমসি) এর পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আবদুল্লাহ আল মামুন সঞ্চালনা করেন। এছাড়াও কর্মশালায় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ জুনাইদ কবির; সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম; ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন; আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু তালেব; আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (কিউএ) ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিম মাহমুদ এবং আইকিউএসি (অতিরিক্ত দায়িত্ব) ও উপ-রেজিস্ট্রার (একাডেমিক) জনাব মাহবুব আরা উপস্থিত ছিলেন।

news

25 Feb 2026

রাবিপ্রবি ভিসির শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আ ন ম এহছানুল হক মিলন ও মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ান মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান আজ শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আ ন ম এহছানুল হক মিলন ও মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ান মহোদয়ের সাথে তাঁদের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

তিনি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান একাডেমিক ও প্রশাসনিক অগ্রগতি সম্পর্কে মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয়কে অবহিত করেন এবং রাবিপ্রবি'র স্মারক তুলে দেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিদর্শনের জন্য তাঁদেরকে স্বাগত জানান।

news

22 Feb 2026

রাবিপ্রবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ও আবাসিক হলসমূহে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো ব্যাজ ধারণ করা হয়।

সকাল ৯:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে অবস্থিত বিজয় স্মৃতিস্তম্ভে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাস্বরূপ পুষ্পস্তবক অর্পণ করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টরসহ দায়িত্বপ্রাপ্ত পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের পর ’৫২-এর ভাষা শহিদদের স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও ১৯৭১, ১৯৯০ এবং জুলাই’২৪ এর শহিদ এবং আহতদের সুস্থতা এবং তাঁদের পরিবারের সদস্যদের কল্যাণে দোয়া করা হয়।

মাতৃভাষার অধিকার আদায়ের লক্ষে ’৫২ ভাষা আন্দোলনে যারা শহিদ হয়েছেন, তাঁদের ত্যাগের মর্যাদা রক্ষা যেমন আমাদের জাতীয় দায়িত্ব তেমনি ’৭১, ’৯০ ও ’২৪ এ যারা জনআকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠার জন্য শহিদ হয়েছেন তাঁদের অবদানকে স্মরণে রেখে সকলকে জাতীয় উন্নয়নে এক হয়ে কাজ করার আহবান জানান মাননীয় ভাইস চ্যান্সেলর। তিনি আরো বলেন, শহিদদের চিন্তা-চেতনাকে ধারণ ও প্রবাহমান রাখার জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের ও বিশ্ববিদ্যালয়ের কাজ দক্ষতা ও নৈতিকতার সাথে কাজ করা এবং বিশ্ববিদ্যালয়কে নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকারাবদ্ধ হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। যে বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম করে আমরা এ নতুন বাংলাদেশ পেয়েছি সে বাংলাদেশে যেনো আর দুঃখ, হতাশা, বৈষম্যের মধ্যে পড়তে না হয়, আমরা সে লক্ষে সততার সাথে ও ঐক্যের সাথে কাজ করে যাবো; এ বিশ্ববিদ্যালয়কে আমরা নতুন বাংলাদেশের অংশ হিসেবে দেখতে চাই এমন আশাবাদ ব্যক্ত করেন মাননীয় ভাইস চ্যান্সেলর।

news

09 Feb 2026

রাবিপ্রবি’তে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের উদ্যোগে আজ ০৮ ফেব্রুয়ারি ২০২৬খ্রি. তারিখ রোজ রবিবার দুপুর ১২:৩০ ঘটিকায় একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয় যার শিরোনাম “Be Useful and the world will find You”। অর্থ্যাৎ আপনি যদি মানুষের জন্য উপকারী হয়ে উঠতে পারেন তাহলে পৃথিবী নিজেই একদিন আপনাকে খুঁজে নেবে। আমরা অনেকেই স্বীকৃতি, সাফল্য, উন্নতি বা পরিচিতি পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি কিন্তু সত্য হলো সাফল্যের পেছনে না ছুটে মানুষের কাজে লাগার চেষ্টা করলে সাফল্য নিজেই ধরা দেবে।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি'র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। সেমিনারে কীনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক এ অবস্থিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইটি প্রতিষ্ঠান ইউটিসি এসোসিয়েটস্ (UTC Associates, New York) এর প্রেসিডেন্ট এবং সিইও জনাব আজিজ আহমেদ। সভার সভাপতিত্ব করেন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম। সেমিনারে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধুমাত্র সার্টিফিকেট ও ভালো সিজিপিএ জীবনে গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো সময় ও প্রযুক্তির সঙ্গে নিজের দক্ষতা ও জ্ঞান সমন্বয় করে নিজেকে উপস্থাপন করা এবং সমাজে নিজের কাজ তথা গবেষণা লব্ধ জ্ঞানের প্রতিফলন বা প্রভাব তুলে ধরা। শিক্ষার্থীরা যাতে ইন্টারভিউতে নিজেদের দক্ষতা ও তাদের গবেষণা কাজসমূহ সঠিকভাবে উপস্থাপন করতে পারে সেজন্য নিজেদেরকে তৈরি করতে হবে এবং প্রতিনিয়ত তাদের দক্ষতা উন্নত করার চেষ্টা অব্যাহত রাখতে হবে। সমাজ, রাষ্ট্র ও প্রতিষ্ঠানকে সেবা দেয়াই আমাদের সকলের মূখ্য উদ্দেশ্য হওয়া উচিত। তিনি শিক্ষার্থীদেকে অনুপ্রেরণামূলক কাজ করার জন্য উৎসাহিত করেন এবং দেশে-বিদেশে রাবিপ্রবি’র শিক্ষার্থীদের অবদান রাখার আহবান জানান। তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কীনোট স্পিকার প্রকৌশলী আজিজ আহমেদকে তাঁর জীবনের বাস্তবতা ও বর্তমান বিশ্বে প্রযুক্তির ব্যবহার ও তথ্য সম্বলিত উৎসাহমূলক বক্তব্য প্রদান করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

সেমিনারের কীনোট স্পিকার প্রকৌশলী আজিজ আহমেদ বক্তব্যের শুরুতে আমেরিকাতে শিক্ষাজীবন শুরুর সংগ্রাম, পার্ট-টাইম চাকরির মাধ্যমে টিউশন ফি জমানো, পেয়িং গেস্ট হিসেবে থাকা এবং তাঁর প্রতিষ্ঠিত UTC Associates Inc.- সিস্টেম ও নেটওয়ার্কিং কোম্পানি সম্পর্কে আলোচনা করেন। ১৯৮৯ সালে বিশ্ববিখ্যাত Bell Labs এ ইন্টার্নশিপের তাঁকে প্রযুক্তিখাতে কাজ সুযোগ তৈরি করেছিলো বলে তিনি উল্লেখ করেন। বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে AI এর প্রায়োগিক ব্যবহার সম্পর্কে বিশদ আলোচনা করেন। এক্ষেত্রে বর্তমান ও ভবিষ্যতের সম্ভাবনার কথাও বলেন। নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খেয়ে চলার উপর গুরুত্ব দেন। তিনি বিভিন্ন অ্যাপস, মেশিন লার্নিং, সফটওয়্যার, ওয়েবসাইট ডিজাইন, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ, সাইবার সিকিউরিটি, পাইথন, ড্রোন প্রযুক্তিসহ অনুরূপ বিষয়-প্রযুক্তি নিয়ে উদ্ভাবনী গবেষণা করে সমাজের বিভিন্ন সেক্টরে ভবিষ্যৎ উপযোগী চাহিদা পূরণে কাজ করার আহবান জানান। তিনি জীবনে উচ্চাবিলাসী পরিকল্পনা না করে ছোট কাজ দিয়েই জীবন শুরু করার উপর গুরুত্ব দেন। জীবনে কোনো ব্যর্থতাই যেন হতাশাগ্রস্ত করতে না পারে; বরং হতাশাকে শক্তিতে পরিণত করতে হবে এবং সমসময় নিঃস্বার্থভাবে কাজ করে যেতে হবে। তিনি সামাজিক সমস্যা সমাধানে প্রযুক্তির ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, কম্পিউটার সায়েন্স এমন একটি সাবজেক্ট- যেই ডিগ্রী, প্রায়োগিক জ্ঞান, দৃঢ়তা, নিয়মানুবর্তিতা ও স্বপ্ন দিয়ে দেশ-বিদেশের যেকোনো প্রতিষ্ঠানে কাজ করা সম্ভব। দেশের উন্নয়নে এবং উদ্ভাবনে আমাদের প্রযুক্তিকে ধারণ করতে এবং কাজে লাগাতে হবে। তিনি বলেন, রাঙ্গামাটির শিক্ষার্থীদের কোনো প্রতিবন্ধকতা নেই, তারা যেখানেই যাক না কেনো, ভার্চুয়ালি তারা পৃথিবীকে অনেক কিছু দিতে পারবে। পরিশেষে কীনোট স্পিকার প্রকৌশলী আজিজ আহমেদ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।